দূষণ ও অ্যালার্জিক রাইনাইটিস মোকাবিলায় কলকাতায় বসছে দেশের বৃহত্তম নাক-কান-গলা বিশেষজ্ঞদের জাতীয় সম্মেলন AOICON-2026 কলকাতা

পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের জেরে দেশে ক্রমশ বাড়ছে নাক-কান-গলা সংক্রান্ত রোগ, বিশেষত অ্যালার্জিক রাইনাইটিস। নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে থাকা, হাঁচি, চোখ চুলকানো—এই সমস্ত উপসর্গ আজ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, দেশের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত এবং শহরাঞ্চলে এই সংখ্যা আরও বেশি।
এই প্রেক্ষাপটে অ্যালার্জিক রাইনাইটিস ও অন্যান্য ইএনটি সমস্যার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দীর্ঘ ৭৭ বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে নাক-কান-গলা বিশেষজ্ঞদের জাতীয় সম্মেলন। অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্টস অফ ইন্ডিয়া (AOI)-এর উদ্যোগে বার্ষিক এই জাতীয় সম্মেলন AOICON-2026 আগামী ৯ থেকে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে প্রায় ৬০০০–৮০০০ ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করবেন। সম্মেলন উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে AOI-এর জাতীয় সভাপতি জানান, এই বৈজ্ঞানিক অধিবেশনে অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাস, ভয়েস ডিজঅর্ডার, ইএনটি সার্জারির আধুনিক প্রযুক্তি, ইমিউনোথেরাপি ও নতুন চিকিৎসা গাইডলাইন নিয়ে বিস্তৃত আলোচনা হবে।
সংস্থার সম্পাদক জানান, শহরাঞ্চলে ধুলো, ধোঁয়া ও দূষণের কারণে শিশু থেকে বৃদ্ধ সকলের মধ্যেই নাক-কান-গলার সমস্যা বেড়ে চলেছে। অ্যালার্জিক রাইনাইটিসকে অবহেলা করলে ভবিষ্যতে হাঁপানি ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
সম্মেলনের প্রথম দিনে অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে সারাদিনব্যাপী বিশেষ বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি, তরুণ চিকিৎসকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, লাইভ সার্জারি, আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বক্তৃতাও থাকবে।
বাংলার পক্ষে গর্বের বিষয়, এত বড় আন্তর্জাতিক মানের চিকিৎসা সম্মেলন আবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক সমাজের পাশাপাশি মিডিয়া ও প্রশাসনের সহযোগিতায় এই জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

A new flight for healthcare in Kolkata, Aastik Healthcare to offer e-clinics and online pharmacy alongside physical counterparts

পূর্ব রেলওয়ে / শিয়ালদহশিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক গ্রেটেশন এক্সামিনেশন