৫৫তম স্টেটসম্যান ভিন্টেজ ও ক্লাসিক কার র‍্যালির ঘোষণা কলকাতায়


   কলকাতা৫ জানুয়ারি ২০২৬ - দেশের প্রাচীনতম ভিন্টেজ কার র‍্যালি হিসেবে পরিচিত দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র‍্যালি-র ৫৫তম সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণা করা হল কলকাতায়। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই র‍্যালির ঘোষণা করেন দ্য স্টেটসম্যান কর্তৃপক্ষ।
সাংবাদিক সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল একটি দুর্লভ ভিন্টেজ গাড়ি, যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে এবং সংবাদমাধ্যমের সামনে ঐতিহ্যবাহী মোটরিং ইতিহাসের এক ঝলক তুলে ধরে।
আগামী ১১ জানুয়ারি ২০২৬, কলকাতার ঐতিহ্যবাহী রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব (RCTC) পোলো গ্রাউন্ডে এই র‍্যালির সূচনা হবে। সকাল ৯টা ১০ মিনিটে র‍্যালির পতাকা নামিয়ে যাত্রা শুরু হবে। প্রায় ১৬০টি ভিন্টেজ ও ক্লাসিক গাড়ি এবং ৫০টি টু-হুইলার এই র‍্যালিতে অংশ নেবে বলে জানানো হয়েছে।
এই র‍্যালিতে ট্রায়াম্ফ, স্টুডিবেকার, শেভ্রোলেট, ডজ, ডি’সোটো সহ একাধিক কিংবদন্তি ব্র্যান্ডের গাড়ির পাশাপাশি অস্টিন, মরিস ও এমজি-র মতো ব্রিটিশ ক্লাসিক গাড়িও প্রদর্শিত হবে, যা বিশ্ব মোটরিং ইতিহাসের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরবে।
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গোবিন্দ মুখার্জি, বিজনেস হেড (ইস্ট ইন্ডিয়া), দ্য স্টেটসম্যান বলেন,
“এই র‍্যালিতে অংশগ্রহণের জন্য কোনও এন্ট্রি ফি নেওয়া হয় না। ভিন্টেজ ও ক্লাসিক গাড়ির মালিকদের তাঁদের সংগ্রহ প্রদর্শনের সুযোগ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। নিয়মিত কার শো হলেও, স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র‍্যালি এখনও দেশের প্রাচীনতম র‍্যালি হিসেবে নিজের ঐতিহ্য ধরে রেখেছে।”
তিনি আরও জানান, এই র‍্যালির সূচনা হয়েছিল দিল্লিতে ১৯৬৪ সালে এবং কলকাতায় এর যাত্রা শুরু হয় ১৯৬৮ সালে, যা আজ দেশের মোটরিং ক্যালেন্ডারের এক উল্লেখযোগ্য অধ্যায়।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুমন ভট্টাচার্য, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট; সৈয়দ হাসমত জলাল, কনসালটিং এডিটর, দ্য স্টেটসম্যান; এবং নিতিশ কাপুর, হেড–ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন, দ্য স্টেটসম্যান (দিল্লি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস দাস, চিফ রিপোর্টার, দৈনিক স্টেটসম্যান।
এছাড়াও জানানো হয়, ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্য স্টেটসম্যানের কলকাতা অফিস থেকে বিনামূল্যে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
৫৫তম স্টেটসম্যান ভিন্টেজ ও ক্লাসিক কার র‍্যালি একদিকে যেমন নস্টালজিয়ায় ভরপুর, তেমনই এটি গাড়িপ্রেমীদের জন্য সময়ের স্রোতে ফিরে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা।

Comments

Popular posts from this blog

আবৃত্তিচর্চা ও সমাজকল্যাণে নতুন দিগন্ত: কলকাতায় পথ চলা শুরু করল 'আবৃত্তি জাগরণ মঞ্চ'

Global Scholastics to help students find their universities worldwide for higher studies

​महाजाति सदन में धूमधाम से मनाया गया बालिका शिक्षा सदन व मुरारीलाल मेहता विद्यामंदिर का प्लेटिनम जुबली समारोह