সোনি আট-এর ‘Dear 90’s-এর হাত ধরে টেলিভিশনে আত্মপ্রকাশ কোয়েল মল্লিকের, সম্প্রচার শুরু ২৩ নভেম্বর
কলকাতা, ২ নভেম্বর, ২০২৬:- প্রথম প্রেমের স্মৃতি এতটা বিশেষ হয়ে থাকে কেন? প্রথমবার কাউকে ভালো লাগার সেই শিহরণ, হাতে লেখা চিঠির অপেক্ষা, নাকি সময় পেরিয়ে গেলেও মনের মণিকোঠায় থেকে যাওয়া ছোট ছোট মুহূর্ত? প্রথম প্রেমের সেই উষ্ণতা, নিষ্পাপ অনুভূতি আর মিষ্টি মায়াকে আরও একবার ফিরিয়ে আনতে সোনি আট নিয়ে আসছে তাদের নতুন বাংলা কল্পকাহিনিভিত্তিক ধারাবাহিক ‘Dear 90’s। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকের সম্প্রচার।
এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন কোয়েল মল্লিক। ‘Dear 90’s’ দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে এমন এক সময়ে, যখন ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকত অডিয়ো ক্যাসেট, হাতে লেখা চিঠি আর না-বলা মনের কথা। সেই সময়ের প্রেম ছিল সহজ, ধীরলয়ে এগিয়ে চলা এক অনুভূতি। যেখানে আবেগ প্রকাশ পেত নিঃশব্দে, আর ছোট ছোট উদ্যোগেই লুকিয়ে থাকত গভীর ভালোবাসা।
নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি এই গল্পে উঠে আসবে বড় হয়ে ওঠার আনন্দ, স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা এবং জীবনে প্রথমবার প্রেমে পড়ার অনুভূতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন জীবনের সমীকরণ বদলায়, সম্পর্কের মোড় ঘুরে যায় অপ্রত্যাশিত দিকে, তখন কি প্রথম প্রেম টিকে থাকতে পারবে সময়ের পরীক্ষায়?
ধারাবাহিকটি প্রসঙ্গে কোয়েল মল্লিক বলেন, “নব্বইয়ের দশক ছিল এক অন্যরকম সময়, বিশেষ করে প্রেম আর সম্পর্কের ক্ষেত্রে। সেই সময় মানুষ যেভাবে নিজেদের মনের কথা প্রকাশ করত, কারও অপেক্ষায় থাকার উত্তেজনা, ছোট ছোট মুহূর্তের আনন্দ আর বছরের পর বছর মনের মধ্যে থেকে যাওয়া স্মৃতি - সবকিছুর মধ্যেই একটা নিষ্পাপ সারল্য ছিল। ‘Dear 90’s -এর যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হল এই গল্প আমাদের সেই পুরনো অনুভূতিগুলোর কাছে ফিরিয়ে নিয়ে যায়। মনে করিয়ে দেয় এমন এক সময়ের কথা, যখন প্রেমে পড়ার মধ্যে সত্যিই এক মায়াবী অনুভূতি ছিল। ভালোবাসা, বড় হয়ে ওঠা, নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং জীবনের কিছু বিশেষ মুহূর্তকে সযত্নে আগলে রাখার গল্পের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি, দর্শকরা এই নস্ট্যালজিয়ার স্বাদ উপভোগ করবেন এবং গল্পের মধ্যে নিজেদের জীবনের কিছু চেনা মুহূর্ত খুঁজে পাবেন।”
সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক, শঙ্খজিৎ সেনগুপ্ত এবং অপরাজিতা মুখার্জি। আগামী ২৩ নভেম্বর ২০২৬ থেকে সোনি আট এবং Sony LIV-এ দেখতে পাবেন ‘Dear 90’s।
Comments
Post a Comment